বসু একজন প্রভাবশালী ব্যক্তি। তার এলাকায় বসবাস করে সুজন। সুজন চাকুরী করে সাধারণ জীবন-যাপন করে। তার বাবা অসুস্থ থাকেন প্রায়ই।
সুজনের প্রেমিকা ইভা ধনী পরিবারের মেয়ে হয়েও সুজনের সবকিছুই মেনে নিয়ে তার সাথে জীবন চালিয়ে নেয়ার মানসিকতা রাখে।
অপরদিকে মিথিলা গ্রামের সহজ সরল মেয়ে, কিন্তু বাস্তবতা তাকে খারাপ পথে নামতে বাধ্য করে। শুরুতে পকেট মার, তারপর আরও বড় অপরাধে লিপ্ত হয়। মিথিলা পছন্দ করে বসুকে। কিন্তু মুখে তা কখনোই প্রকাশ করতে পারে না।
এমন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সুবোধ’। এতে বসু চরিত্রে দেখা যাবে কল্যাণ কোরাইয়াকে, মিথিলা চরিত্রে কাজী নওশাবাকে। নাটকটিতে আরও অভিনয় করছেন এ্যানি খান, প্রিন্স রনি, হারুন রশিদ, জে আর খান জিতু প্রমুখ।
নাটকটি নির্মাণ করেছেন মামুন খান। গল্প লিখেছেন উদয় অনির্বান, বিশ্লেষণ করেছেন তির্থক আহসান রুবেল এবং এটি রচনা করেছেন শুভ্র সরখেল।
এ প্রসঙ্গে কাজী নওশাবা বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটি মনে রাখার মতো। এমন চরিত্রে আমি এর আগে কাজ করিনি। সুবোধ একটি সামাজিক গল্পের নাটক। এখানে চাহিদা অনুযায়ী চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি’।
নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটি আসছে ঈদুল আযহায় যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
