ইংল্যান্ডে ব্যাট করতে নেমে প্রবল সমালোচিত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সমর্থকরা মনে করেছিলেন, ধোনি মন্থর ব্যাটিং করার জন্যই হারতে হয়েছে ভারতকে। যদিও অধিনায়ক বিরাট কোহলি পাশে দাঁড়িয়েছিলেন ধোনির। জানিয়ে দিয়েছেন, আগামী বিশ্বকাপে দলের ভাবনায় রয়েছেন ধোনি। এহেন ধোনিই মাঠের বাইরে নতুন নজির গড়লেন।
২০১৭-১৮ আর্থিক বছরে কর হিসেবে ধোনি জমা দিলেন ১২.১৭ কোটি টাকা। ঝাড়খণ্ড থেকে ধোনিই সর্বোচ্চ কর দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। ২০১৬-১৭ আর্থিক বর্ষের থেকে এই বছর ১ কোটি ২৪ লক্ষ টাকা বেশি কর দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, ২০১৬-১৭ আর্থিক বর্ষে ধোনি কর হিসেবে দিয়েছিলেন ১০ কোটি ৯৩ লক্ষ টাকা।
ফোর্বসের তালিকা অনুযায়ী ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও শচীন টেন্ডুলোরের পরে তৃতীয় সর্বোচ্চ অর্থ উপার্জনকারীর নাম ধোনি। ২০১৭ সালে ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বোচ্চ উপার্জনকারী হিসেবে ধোনি ছিলেন দেশের মধ্যে আট নম্বরে। শুধু মাঠের ভেতরেই নিজের ভাবমূর্তি উজ্জ্বল করা নয়, মাঠের বাইরেও ধোনি নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন। ঝাড়খণ্ডের করদাতাদের মধ্যে সর্বোচ্চ কর দিয়ে ধোনি গড়লেন অন্য দৃষ্টান্ত। সব মিলিয়ে জনপ্রিয়তার দিক থেকে ধোনি এখনো শীর্ষে।
