ছুটি কাটিয়ে সম্প্রতি মুম্বাই ফিরেছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। সঙ্গে ছিলেন আরাধ্যাও। ফেরার পথে নাকি অভিষেক-ঐশ্বরিয়ার ঝগড়া হয়েছিল, এমন খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। আর এ খবরেই মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দিলেন অভিষেক।
এক টুইটে অভিষেক জানান, সত্যিটা না জেনে খবর প্রকাশ করবেন না। আমি ‘শ্রদ্ধার সঙ্গেই বলছি, দয়া করে ভুল খবর প্রকাশ করবেন না। আমি বুঝতে পারি যে সারাক্ষণ পোস্ট করতে হবে আপনাদের। কিন্তু খবর প্রকাশের ক্ষেত্রে আপনারা যদি দায়িত্বের পরিচয় দেন তা হলে সত্যিই সেটা প্রশংসনীয় হবে। ধন্যবাদ।
কিছুদিন আগে আরাধ্যাকে নিয়ে প্যারিস গিয়েছিলেন ঐশ্বরিয়া। ফ্রান্সের বিশ্বকাপ ফুটবল জয়ের মুহূর্তও তিনি প্যারিসে বসেই উপভোগ করেছিলেন। সে সময় ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য রাশিয়া গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে পারিবারিক ছুটি কাটাতে একসঙ্গে হয়েছিলেন তারা।
কিন্তু দেশে ফিরেই এমন খবরে রেগে যান অভিষেক। গোটা খবরটাই ভুল বলে দাবি করেন তিনি। তার পর নিজের ক্ষোভ উগরে দেন সোশ্যাল মিডিয়ায়।
