
সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি ২০১৫-র বিশ্বকাপে। সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তারও বছরখানেক আগে। চন্দিকা হাতুরাসিংহের সময়ে সীমিত ওভারের ক্রিকেট ভাবনায় ফেরার কোনো সুযোগও ছিল না মমিনুল হকের। তবে এত দিন পর একটা ‘লাইফলাইন’ পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁকে করা হয়েছে অধিনায়কও। ওয়ানডেতে তাঁর ডেপুটি সৌম্য সরকারকে করা হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক। যিনি এর আগে সেন্ট কিটস এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে তবেই ডাবলিনে ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন।
আর ‘এ’ দল ডাবলিনের উদ্দেশে দেশ ছাড়বে ২৮ জুলাই। ওয়ানডে সিরিজের ম্যাচ পাঁচটি হবে ১, ৩, ৫, ৮ ও ১০ আগস্ট। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৩, ১৫ ও ১৭ আগস্ট। যে সফর মমিনুলের জন্য সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগও। নির্বাচক হাবিবুল বাশার যেমন বললেন, ‘মমিনুলকে আমরা এই বার্তাটিই দিতে চেয়েছি যে আমাদের ভাবনা থেকে সে হারিয়ে যায়নি। সামনের বছর ইংল্যান্ডে বিশ্বকাপ। তাই একই রকম কন্ডিশনে এবার কেমন করছে, সেটিও দেখে নেওয়া যাবে।’
আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার (টি-টোয়েন্টি অধিনায়ক এবং ওয়ানডের সহ-অধিনায়ক), নাজমুল হোসেন, ফজলে মাহমুদ, মমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সাঞ্জামুল ইসলাম, কাজী নুরুল হাসান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান ও তাসকিন আহমেদ।
