১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জালি কথাচিত্র’ থেকে নির্মিত হচ্ছে ছবি। নতুন এই ছবির নাম ‘জ্যাম’। ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
জমকালো আয়োজনের মধ্যদিয়ে গতকাল দুপুর ১টায় রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেল ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠান। প্রায় অর্ধযুগ পর এ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা।
সবশেষ ২০১২ সালে ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিতে দেখা গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রীকে। পরিবার-সন্তানকে সময় দেয়ার পাশাপাশি চলচ্চিত্র থেকে দূরে সরে ছোটপর্দায় ব্যস্ত হয়েছিলেন তিনি।
ভক্তদের প্রশ্ন কবে বড় পর্দায় নিয়মিত হবেন পূর্ণিমা? এমন প্রশ্নে পূর্ণিমা বললেন, সবকিছু মিলে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন একটু অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি শান্ত হলেই চলচ্চিত্রে ফেরার কথা ভাবছি। বেশকিছু প্রস্তাব ও চিত্রনাট্য হাতে পাচ্ছি। যাচাই বাছাই চলছে।
এদিকে দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, এতো দিন হাতে সিনেমা আসেনি তেমন নয়। আমি চেয়েছিলাম ভালো গল্পের একটি সিনেমা দিয়ে ফিরতে। অবশেষে এই সিনেমার গল্পটি ভালো লেগে গেল। যখন এই সিনেমার গল্পটা শুনলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি ভালো একটি কাজ হবে। সবচেয়ে বড় কথা সিনেমাটি তৈরি হচ্ছে প্রয়াত মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থা থেকে। মান্না ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই।
ছবিটিতে পূর্ণিমা ছাড়াও ফেরদৌস, আরফিন শুভ ও কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয়ের কথা রয়েছে।
