‘জ্যাম’-এর জমকালো মহরত

১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জালি কথাচিত্র’ থেকে নির্মিত হচ্ছে ছবি। নতুন এই ছবির নাম ‘জ্যাম’। ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। জমকালো আয়োজনের মধ্যদিয়ে সোমবার দুপুর ১টায় রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেল ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠান।

সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে কেক কেটে ছবিটির যাত্রা শুরু করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেলি মান্না, ছবির নায়ক-নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস ও পূর্ণিমা, সুচন্দা, এ টি এম শামসুজ্জামান, মান্নার ছেলে সিয়াম ইলতিমাস, নঈম ইমতিয়াজ নেয়ামূলসহ অনেকে।

এসময় মান্নাপত্নী শেলি মান্না বলেন, আমাদের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশ সরকারের দুজন মন্ত্রী এসে আমাদের এই অনুষ্ঠান আরও আলোকিত করেছেন। সুচন্দার মতো জনপ্রিয় অভিনেত্রী এখানে এসে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের জন্য তা পরম পাওয়া। আশা করছি “জ্যাম” ছবিটি দর্শকদের পছন্দ হবে।

চিত্রনায়িকা সূচন্দা বলেন, মান্না অনেক জনপ্রিয় নায়ক ছিলেন। অনেকদিন পর তার প্রোডাকশন থেকে আবার ছবি বানানো হচ্ছে৷ এই ক্রান্তিকালে এমন উদ্যোগ খুব প্রশংসা পাওয়ার যোগ্য। এই ছবি ও মান্নার পরিবারের জন্য শুভকামনা থাকলো।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মান্না অনেক জনপ্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু মধ্যগগন থেকে তিনি ঝরে পড়েছেন। আজকের দিনে তার মতো অভিনেতার দরকার ছিল। সিনেমা হতে পারে মানুষের জীবন গঠনের অন্যতম হাতিয়ার। ‘জ্যাম’ যেন তেমনই একটি ছবি হয়, সেই কামনা থাকল।

গতকাল রোববার ঢাকায় এসেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এ অভিনেত্রী বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। আমাদের সব কটি ছবি হিট হয়েছিল। আজকের অনুষ্ঠানে এসে তাকে খুব মনে পড়ছে।’