২০১০ সালে শেষবারের মতো পর্দার জুটি হিসেবে দেখা গিয়েছিল বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়কে। সেসময় ‘রাবন’ ছবি দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন বাস্তবের এ জুটি। এরপর আর একসঙ্গে পর্দায় জুটি বাঁধা হয়নি তাদের।
অবশেষে দীর্ঘ ৮ বছর পর আবারো একসঙ্গে পর্দায় দেখা যাবে এ তারকা দম্পতিকে। অনুরাগ ক্যাশপের কারণেই এ সুখবরটি পেল এ জুটির ভক্তরা।
‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন থেকে জানা যায়, অনুরাগ ক্যাশপের আগামী ছবি ‘গুলাব জামুন’-এ একসঙ্গে জুটি বাঁধছেন ঐশ্বরিয়া ও অভিষেক। খুব শিগগিরই এই বিষয়টি ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হবে। তবে এই ছবিতে অনুরাগ ক্যাশপ পরিচালকের ভূমিকায় নয়, দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। ছবির পরিচালনা করবেন সরভেশ মারওয়া।
উল্লেখ্য, ঐশ্বরিয়া আপাতত ‘ফান্নে খান’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। যেখানে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তাকে। ছবিতে রয়েছেন অনিল কাপুরও। ইতিমধ্যেই ছবিটি মুক্তি পেয়েছে। যা দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছে।
