৫৬ কোটি দিয়ে ডুপ্লেক্স বাড়ি কিনলেন শহীদ কাপুর

একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা শহীদ কাপুর। সম্প্রতি খবরে এলো দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন তিনি। যদিও এসব পুরনো খবর। তবে নতুন খবর হলো, ৫৬ কোটি টাকা দিয়ে মুম্বাইয়ে বাড়ি কিনেছেন বলিউডের এই হার্টথ্রব নায়ক!

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন শহীদ কাপুর। যার দাম ৫৫ কোটি ৬০ লাখ টাকা।

সূত্রে আরো জানা যায়, গত ১২ জুলাই শহীদ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুতের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন হয়েছে। ৫৫.৬০ কোটি টাকা ছাড়াও সরকারকে আরও ২.৯১ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে শহীদকে।

নতুন বাড়িটি ৮৬২৫ বর্গফুটের। ৪২ তলায় থাকার ফলে এই বাড়ির ব্যালকনি থেকে মুম্বাই শহরের সৌন্দর্য দেখা যাবে। এমনকি আয়েশ করে সমুদ্রও দেখা যাবে বলে প্রতিবেদনে বলা হয়। বাড়ি ছাড়াও ৬টি গাড়ি রাখার পার্কিং স্পটও কিনেছেন শহীদ।

ওই অ্যাপার্টমেন্টে শহীদ কাপুরের প্রতিবেশী আরও দুই বলিউড অভিনেতাও রয়েছেন। এর মধ্যে একজন অভিষেক বচ্চন। সেখানে ৪১.১৪ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন অভিষেক। জানা যাচ্ছে ওই অ্যাপার্টমেন্টটি বানিয়েছে ওবেরয় রিয়েলিটি গ্রুপ। ওই থ্রি সিক্সটি অ্যাপার্টমেন্টে মোট দুটি টাওয়ার রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে শহীদ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুত মুম্বাইয়ের জুহু তারা রোডের প্রণেতা বিল্ডিংয়ে থাকেন।