পার্সোনালিটি অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন চার জন গুণী কিংবদন্তী শিল্পী। দেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শাখায় এবং সামাজিক কর্মকা-েও বিশেষ অবদান রাখার জন্য এই চারজনকে পার্সোনালিটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। তারা চারজন হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়িকা-নির্মাতা সূচন্দা, নৃত্য পরিচালক জিনাত বরকত উল্যাহ ও উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা। গত ২০ জুলাই শুক্রবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যালকনি হলে ‘সাঁকো টেলিফিল্ম’র পক্ষ থেকে ‘সাঁকো টেলিফিল্ম পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পার্সোনালিটি অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, এমপি। শুরুতেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার হাতে এই পার্সোনালিটি অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এরপর একে একে সূচন্দা, গাজী মাজহারুল আনোয়ার ও জিনাত বরকত উল্যাহ’র হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। শুরুতেই অ্যাওয়ার্ড পেয়ে রুনা লায়লা বলেন, ‘একই মঞ্চে একসঙ্গে সংষ্কৃতি অঙ্গনের বিভিন্ন সম্মানিত শিল্পীদের সঙ্গে আমিও একই অ্যাওয়ার্ড পেলাম, নিঃসন্দেহে এটা আমার জন্য অনেক আনন্দের, ভালোলাগার এবং স্মরণীয়ও বটে। সুন্দর আয়োজনের মধ্যদিয়েই অনুষ্ঠানটি যথাযথভাবে সম্পন্ন হলো। যারা আমাকে, আমাদেরকে সম্মানিত করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।’ এরপর অ্যাওয়ার্ড পেয়ে সূচন্দা বলেন, ‘এখন এমন এক সময় যাচ্ছে, চলচ্চিত্রের মানুষদের সবাই ভুলতে বসেছে। কিন্তু সাঁকো টেলিফিল্ম মনে রেখেছে, আবার আমাদের কর্মের জন্য অ্যাওয়ার্ডও দিলেন। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।’ গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘যেকোন অ্যাওয়ার্ড শিল্পীকে সম্মানিত করে, গর্বিত করে। সাঁকো টেলিফিল্মকে ধন্যবাদ।’ জিনাত বরক উল্যাহ বলেন, ‘এই পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেয়ে সত্যিই ভীষণ ভালোলাগছে। সারা জীবন শুধু নাচের জন্যই নিজেকে নিবেদিত করে গেলাম। কিন্তু এমন চমৎকার আয়োজনের মধ্যদিয়ে বরেণ্য ব্যক্তিদের মধ্যে আমাকেও যে সম্মানিত করা হলো তাতে সত্যিই আজ আমি ভীষণ খুশি।’ অ্যাওয়ার্ড প্রদানের পর মঞ্চে শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন হৈমন্তী রক্ষিত। তিনি রুনা লায়লার ‘শেষ করোনা শুরুতে খেলা শেষ করোনা’ গানটি গেয়ে শুনান। এরপর সেরাকণ্ঠের অন্যা বারোটি বছর পরে আবার দেখা হবে, তুমি আমার কতো চেনা গেয়ে শুনান। এরপর একে একে মঞ্চে আরো সঙ্গীত পরিবেশন করেন জানে আলম, পলাশসহ আরো বেশ কয়েকজন শিল্পী। উল্লেখ্য একই অনুষ্ঠানে পরিচালক আমজাদ হোসেনের পার্সোনালিটি অ্যাওয়ার্ড পাওয়ার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।
