শাহরুখ ইন প্রিয়াঙ্কা আউট

ভারতের একমাত্র মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’ বানাচ্ছেন মহেশ মাথাই। প্রাথমিকভাবে পর্দায় রাকেশ শর্মা হওয়ার জন্য সম্মতি দিয়েছিলেন আমির খান। তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ারও। প্রথমবারের মতো পর্দায় আমির-প্রিয়াঙ্কা জুটিকে দেখা যাবে, এ নিয়ে সরগরম ছিল বলিউড।

উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কাও। হঠাৎ করেই ছবিটি ছেড়ে দিলেন আমির। কারণ হিসেবে জানালেন ‘থাগস অব হিন্দুস্তান’-এর শুটিংয়ের ব্যস্ততার কথা। এর পরই নিজের স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’-এ মনোযোগ দেবেন, তাই এ মুহূর্তে আর কোনো ছবি হাতে নেবেন না। অবশেষে পরিচালক দ্বারস্থ হলেন শাহরুখ খানের। হতাশ করেননি ‘কিং খান’, সানন্দে রাজি হলেন।

এর পরই প্রিয়াঙ্কা জানালেন, তিনিও ছবিটি করবেন না। প্রিয়াঙ্কার ‘না’ শুনে নড়েচড়ে বসেছে ভারতীয় মিডিয়া। ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় না করার দুটি কারণ শনাক্ত করেছে মিডিয়া—এক. শাহরুখ বা গৌরী চাননি প্রিয়াঙ্কা ছবিতে থাকুক। দুই. শাহরুখ যুক্ত হওয়ার খবর শুনে প্রিয়াঙ্কাই সরে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, একসময় শাহরুখ খানের বেশ ঘনিষ্ঠ হয়েছিলেন প্রিয়াঙ্কা, যেটা কোনোভাবেই মানতে পারেননি শাহরুখপত্নী গৌরী খান। ‘ডন’-এর পর প্রিয়াঙ্কার সঙ্গে ছবি করা তো দূরের কথা, কথা বলাও বন্ধ ছিল। শোনা যাচ্ছে, ‘স্যালুট’-এ শাহরুখের নায়িকা হচ্ছেন কারিনা কাপুর।