খন্দকার ইসমাইল উপস্থাপক হিসেবেই বেশ জনপ্রিয়। অন্যদিকে এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। এবার দুজনের রসায়ন দেখা যাবে ‘সেই চোখ’ টেলিছবিতে। এরইমধ্যে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে বলে জানান খন্দকার ইসমাইল। অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণ করেছেন তিনি নিজেই। এতে চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন বুলু।
প্রথমবারের মত একসঙ্গে অভিনয় ও নির্মাণ প্রসঙ্গে খন্দকার ইসমাইল বলেন, আগে থেকে নাটকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই অভিজ্ঞতা টেলিছবিতে কাজে লাগিয়েছি। আমার মনের মাধুরী মিশিয়ে টেলিছবিটি নির্মাণ করেছি। গতানুগতিক কোনো গল্পর টেলিছবি এটি নয়। দর্শক এটিতে বর্তমান সময়ের কিছু দৃশ্যপট দেখতে পাবেন।
প্রায় বিশ বছর পর মে মাসে ‘হৃদয়ের টান’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল।তিনি বর্তমানে এটিএন বাংলার জমকালো ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো, ঈদের বাজনা বাজেরে’ এই দুটি অনুষ্ঠান তিনি নিয়মিত উপস্থাপনা করছেন।
প্রসঙ্গত, খন্দকার ইসমাইল ১৯৯১ সালে ড. এনামুল হকের লেখা ‘শ্রাবণে বসন্ত ’নাটকে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ‘দ্বিতীয় পরমায়ু, ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’ সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’, ‘আড্ডা’-এর উপস্থাপক ছিলেন।
