প্রয়াত নায়ক মান্না ও তার স্ত্রী শেলী মান্নার সঙ্গে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণার সম্পর্ক পারিবারিক। যে কারণে যতবারই তিনি ঢাকায় এসেছেন ততবারই মান্নার স্ত্রী শেলী মান্নার সঙ্গে দেখা করেছেন। মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’ থেকে আবারো চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে আগামী অক্টোবর থেকে। চলচ্চিত্রটির শুটিং শুরুর আগে ২৩শে জুলাই সকাল সাড়ে ১১টায় ঢাকা ক্লাবে শুভ মহরতের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতেই আগামীকাল সকালে ঢাকায় আসছেন ঋতুপর্ণা। তিনি বলেন, মান্না ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক।
তার সঙ্গে অনেক চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই এই সম্পর্কের সৃষ্টি। মান্না ভাই চলে গেছেন। কিন্তু শেলী ভাবীর সঙ্গে আমার যোগাযোগ ঠিকই রয়ে গেছে। তিনি অনেক ভালো মনের মানুষ। মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র ‘জ্যাম’-এর কাজ করার ব্যাপারে ভাবীর সঙ্গে কথা হয়েছে। উল্লেখ্য, ‘জ্যাম’ চলচ্চিত্রটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর মূল ভাবনা বরেণ্য সাংবাদিক প্রয়াত আহমদ জামান চৌধুরীর। কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন পান্থ শাহরিয়ার। নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, আশা করছি আগামী অক্টোবরে ‘জ্যাম’-এর কাজ শুরু করতে পারবো। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই চলচ্চিত্রে ঋতুপর্ণাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। আশা করছি আমাদের সঙ্গে তার কাজ অনেক ভালোভাবেই হবে। আগামীকাল ও ২৩শে জুলাই ঢাকায় থেকে ২৪শে জুলাই কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা।
