রিসর্ট কর্মীদের ২০ লাখ টাকা দিলেন রোনালদো

খারাপ ব্যবহারের জন্য ফুটবলবিশ্বে ‘ব্যাড বয়’ ইমেজ রয়েছে তার। কখনো অটোগ্রাফ চাইতে আসা ফ্যানকে ধাক্কা দেওয়া আবার কখনো সাক্ষাৎকার নিতে চাওয়া সাংবাদিকের মাইক টেনে ফেলে দেওয়া। এরকম অনেক ঘটনা রয়েছে তার ফুটবল এবং ব্যক্তিগত জীবনে। তবে শুধুই কি এসবের জন্য খবরের শিরোনামে আসেন পর্তুগাল ফুটবলের রাজপুত্র! মোটেও না। তার দরাজ দিলের একাধিক ঘটনা রয়েছে। উরুগুয়ের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর পরিবারের সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সেখানে একটি পাঁচতারা রিসর্টে স্বপরিবারে অবসর কাটান সিআর সেভেন।

সিআর সেভেনের থাকার সময় যত্নের কোনও ত্রুটি রাখেনি রিসর্ট কর্তৃপক্ষ৷ রিসর্টের কর্মীদের সার্ভিসে খুশি হয়ে চেক-আউটের সময় বিল ছাড়াও ১৭,৮৫০ পাউন্ডের একটি চেক (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ লাখ টাকা) রিসর্ট কর্তৃপক্ষের হাতে দিয়ে সমস্ত কর্মীদের মধ্যে ভাগ করে দিতে বলেন রোনালদো। পর্তুগাল ফুটবলের রাজপুত্রের এই উপহারে স্বভাবতই খুশি রিসর্টের কর্মীরা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছেন পর্তুগিজের তারকা ফুটবলার।

নতুন ক্লাব জুভেন্টাসে সপ্তাহে সাড়ে চার কোটি টাকা পেতে চলেছেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে ন’বছরের সম্পর্ক ছেদ করে এবার ইতালির ক্লাব জুভেন্টাসের জার্সিতে দেখা যাবে রোনালদোকে। সুতরাং স্পেন নয়, ইতালিই এখন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়ের নতুন ঠিকানা।