দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা সিমলা। অবশেষে বিরতি কাটিয়ে ফিরেছেন পর্দায়। অবাক করা বিষয় হচ্ছে, চমক দেখিয়ে একেবারে বলিউডের হিন্দি সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। গত ১৯ মে থেকে ভারতের মুম্বাইয়ে ‘সফর’ নামের এই ছবিটির শুটিং হয়েছে। এতে সিমলার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ও মডেল জস অরোরা।
এ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। দেশে ফেরার পর এবার ঢাকার চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছেন সিমলা।
গণমাধ্যমকে তিনি জানান, নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তিযোদ্ধা কাঁকন বিবিকে নিয়ে ছবিটি নির্মাণ করবেন পরিচালক শহীদুল হক খান। নতুন ছবির পাশাপাশি জানালেন চলচ্চিত্র নিয়ে তার কিছু ক্ষোভের কথাও।
সিমলা জানান, জানার চেষ্টা করেছি, কেন আমাকে কাজে নেওয়া হয় না। কোনো উত্তর খুঁজে পাইনি। আমার যেভাবে কাজ করার কথা, যে অবস্থানে থাকার কথা, সেখানে আমি নেই। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি কী করতে পেরেছি, যারা আমার ছবি দেখেছেন, সেই দর্শকেরা তা ভালো বলতে পারবেন।
তিনি আরো জানান, কাজের ব্যাপারে আমি কতটা সিনসিয়ার, যে পরিচালকদের ছবিতে কাজ করেছি, তারা খুব ভালো করেই জানেন। নামী কয়েকজন পরিচালকের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তারা বলতে পারেননি, আমি সিমলা কখনো নির্ধারিত সময়ের পরে সেটে গেছি।
