বিশ্বকাপ পরবর্তীতে ব্রাজিল তারকার মা’কে অপহরণ!

রাশিয়া বিশ্বকাপের কোয়াটারে বেলজিয়ামের কাছে ধাক্কা খেয়ে টুর্নামেন্ট ছাড়া হয় ব্রাজিল। এর পরই ঘটে এক অঘটন। যা ফুটবল ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে চিরদিন।

জানা যায়, বিশ্বকাপ পরবর্তীতে ব্রাজিলের জাতীয় দলের খেলোয়াড় টাইসনের মাকে অপহরণ করে দুষ্কৃতীকারীরা। যদিও পরবর্তীতে তাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করে পুলিশ।

গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের মন্টে বেনিতো শহরে টাইসনদের নিজস্ব বাড়িতে নিরাপত্তার ঢিলেমির সুযোগেই প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। হোম ডেলিভারি বয় সেজে হাতে ফুল নিয়ে সরাসরি টাইসনদের বাড়ি ঢুকে যায় অপরাধীদের গ্যাং। তার পরে অপহরণ করে টাইসনের মাকে নিয়ে তারা চলে যায় অজ্ঞাত স্থানে।

পুলিশ অবশ্য দেরি করেনি। গাড়ির সূত্র ধরেই ফ্রেডাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই চারজনকে গ্রেফতার করা হয়। পরে তদন্তের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাফায়েল লোপেজ জানান, ‘উনি ভাল রয়েছেন।উনি ভীত তবে কোনো চোট আঘাত পাননি।’ কিডন্যাপিংয়ের সময়ের ফুটেজ রেকর্ড হয়ে যায় সিসিটিভিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সম্প্রচারকারী চ্যানেলে প্রকাশ করা হয় সেই ভিডিওর ফুটেজ।

সেই ফুটেজে দেখা যাচ্ছে, ডেলিভারি বয় সেজে হাতে ফুলের তোড়া নিয়ে টাইসনদের বাড়ি ঢুকছে কিছু দুষ্কৃতী। তারকা ফুটবলারের মাকে তার পরেই অপহরণ করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাস্থলে পিছমোড়া করে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ফ্রেডাকে। পুলিশ আধিকারীকরা ঘটনাস্থল থেকে একটি রিভলবার, শটগান এবং মাদকদ্রব্য কোকেন ও মারিজুয়ানা পেয়েছে।