শিল্পীর পাশে শিল্পী

অভিনয়ের বাইরে দেশীয় তারকাদের অনেকেই নানা পেশায় জড়িত। আর এ ধরনের কাজে একজন অন্যজনের পাশে এসে দাঁড়ান। কোনো শিল্পী কোনো প্রতিষ্ঠান দিলে সেখানে উপস্থিত হয়ে শুভ কামনা জানাতে ভোলেন না সহশিল্পীরা। সম্প্রতি এমনই এক চিত্র দেখা গেলো রাজধানীর উত্তরায়। জনপ্রিয় অভিনেত্রী সুষমা সরকার ও তার বেশ কয়েকজন বন্ধু মিলে ঢাকার উত্তরার তিন নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের ছাব্বিশ নম্বর বাড়িতে গড়ে তুলেছেন ‘উই- ব্লোজ’। এটি মূলত একটি বিশেষ রেঁস্তোরা। এর পরিকল্পনা ও ডিজাইনের কাজ করেছেন সুষমার স্বামী লিটন কর। ১৭ জুলাই সন্ধ্যায় অনেক তারকাদের উপস্থিতিতে উই- ব্লোজের উদ্বোধন হয়। সুষমার নতুন এই পেশাকে স্বাগত জানাতে সেদিন অনেক তারকাই উপস্থিত হয়েছিলেন। এরমধ্যে ছিলেন শম্পা রেজা, ওয়াসীম খান, মাসুম রেজা, সাবেরী আলম, শারমিন লাকি, রওনক হাসান, হিল্লোল, নওশীন, তাহমিনা সুলতানা মৌ, নাদিয়া আহমেদ, রুনা খান, কল্যাণ কোরাইয়া, স্বাগতা, এফএস নাঈম ও অরন্য আনোয়ার প্রমুখ। অতিথিরা রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ এবং স্বাস্থ্যকর সুস্বাদু খাবারের ভীষণ প্রশংসা করেন। শুধু তাই নয়, প্রত্যেকেই তার পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে এই রেস্টুরেন্টে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে ভীষণ খুশি হন সুষমা সরকার। তিনি বলেন, ‘অভিনয় আমার পেশা। কিন্তু তারপরও বহুদিন ধরেই ইচ্ছে ছিলো পাশাপাশি কিছু একটা করার। আমার স্বামী লিটন করের উৎসাহেই আমি সাহস পেলাম উই- ব্লোজটি দেবার। সবাই প্রথম দিন আমাকে যেভাবে উৎসাহ দিলেন, পাশে এসে দাঁড়ালেন তাতে সত্যিই অনেক সাহস পেলাম। যারা এসেছিলেন আমাকে উৎসাহ দিতে তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস উই- ব্লোজের চলার পথে আগামী দিনেও তারা আমার পাশে থাকবেন। আর সবাইকে অনুরোধ করবো সময় করে এখানে আসার জন্য। আশা করি সবারই ভালো লাগবে।’ অভিনেত্রী শম্পা রেজা বলেন, ‘সুষমা সাহস করে একটি রেস্টুরেন্ট দিয়েছে, এটা সত্যিই প্রশংসার। আমি তার এই প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্য কামনা করছি।’ মাসুম রেজা বলেন, ‘সুষমা আমার খুব স্নেহহভাজন একজন শিল্পী। তার নতুন এই পথচলাকে আমি স্বাগত জানাই। অনেক শুভ কামনা তার জন্য।’