শর্টফিল্মের গল্পকার ভাবনা

কিছুদিন আগে একটি শর্টফিল্মের গল্প লিখেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আন্তর্জাতিক বাজারের জন্য তিনি এই শর্টফিল্মটি নির্মাণ করার পরিকল্পনা করছেন। বর্তমানে এর প্রি-প্রডাকশনের কাজ চলছে। এর আগে ভাবনা ‘গুলনেহার’ শিরোনামের একটি উপন্যাস লিখেছেন। গেল ঈদে তার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘গুলনেহার’ টেলিছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন দিলারা জামান। টেলিছবিটির জন্য দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছেন ভাবনা। তিনি বলেন, ‘মাঝে মাঝে আমার মাথায় অনেক গল্পের ভাবনা কাজ করে। সবসময় লেখার সুযোগ হয়ে ওঠে না। যখন অবসর পাই চেষ্টা করি সেটা লিখতে। এভাবেই আমার লেখার শুরু। গত ঈদে আমার উপন্যাস থেকে যে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। এর দর্শকসাড়া আমাকে লিখতে আরো উৎসাহ দিচ্ছে। এবার যে কাহিনীটি লিখছি, সেটাও সবার ভালো লাগবে বলে মনে হচ্ছে।’ এছাড়া প্রথমবারের মতো অনিমেষ আইচের গল্পে নাগরিক টিভির জন্য ‘জোছনাময়ী’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন ভাবনা। এরইমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। আসছে ঈদের পরই আবার ধারাবাহিকটির শুটিং শুরু হবে। এতে প্রধান চরিত্র জোছনার ভূমিকায় থাকছেন ভাবনা। তিনি বলেন, ‘আমি কখনোই কোনো লম্বা সিরিয়াল করিনি। কিছু সিরিয়াল করতে গিয়ে আবিষ্কার করেছি কেউ এই কাজটা মনোযোগ দিয়ে করে না। গল্পের ঠিক থাকে না। তাই সিরিয়াল করা হয়নি। কিন্তু নাগরিক টেলিভিশনের এই ধারাবাহিকের চিন্তাটা আমার ভালো লেগেছে। গল্প ভাবনা ও ধারাবাহিকটির অ্যারেঞ্জমেন্টও আমার পছন্দ হয়েছে। সে কারণে এই ধারাবাহিকটিতে যুক্ত হয়েছি।’ ভাবনা আরো বলেন, ‘এই ধারাবাহিকে আমাকে একজন প্রতিবাদী নারীরূপে দেখা যাবে। একটা মেয়ের স্ট্রাগল। তার প্রতিদিনের জীবনচিত্র আমার চরিত্রের মধ্যে দর্শকরা দেখবেন। আমাদের আশেপাশে এমন অনেক জোছনা রয়েছে, তাদের জীবনের প্রতিচ্ছবি আমার এই চরিত্রে ফুটে উঠবে। এটি সম্পূর্ণ নারীপ্রধান গল্পের ধারাবাহিক।’