ফুটবলের পর এবার ক্রিকেট মাতাতে আসছে আইসল্যান্ড

বিশ্বের সবচেয়ে ছোট ও কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহন করে রেকর্ড গড়ে আইসল্যান্ড। বিশ্বকাপের অভিষেক ম্যাচে আর্জেন্টিনার সাথে ড্র করে হৈ চৈ ফেলে দিয়েছেন ফুটবল মহলে। ফুটবল বিশ্বকাপে চমক দেখোনোর পর বরফের দেশটির এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে। আগামী ২৪ জুলাই এমসিসি একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখবে আইসল্যান্ড।

ঐতিহাসিক এই ম্যাচটি হবে ৪০ ওভারের। অভিষেক ম্যাচে নিজেদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না আইসল্যান্ড। কারণ মূল দলের বেশ কয়েকজন ক্রিকেটার অন্য দেশের হওয়ায় তাদের আইসল্যান্ডের বাইরে খেলার অনুমতি নেই।চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে মোট চারটি ম্যাচ খেলবে আইসরা। যার মধ্য দুটি খেলবে এমসিসি একাদশের বিপক্ষে।

আইসল্যান্ডে ক্রিকেট খেলার খুব ভালো সুযোগ-সুবিধা নেই। দেশটির সংসদ ভবনের সামনের খোলা জায়গায় ক্রিকেটাররা অনুশীলন করে। তবে, ক্রিকেটীয় সুযোগ-সুবিধা না থাকলেও আইসল্যান্ডের ক্রিকেট বোর্ডের আশা খুব দ্রুতই তারা ইউরোপিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য পদ লাভ করবে। এরপর তাদের টার্গেট আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা পাওয়া।