উর্মিলা শ্রাবন্তী কর ও জোভান একসঙ্গে আগামী ঈদের জন্য একই ধারাবাহিকে অভিনয় করছেন। এজাজ মুন্নার রচনা ও নির্দেশনায় ‘সাবালোভা’ ধারাবাহিকে অভিনয় করছেন তারা। আজ ধারাবাহিকটির
শুটিং শেষ হবে। বিস্তারিত জানাচ্ছেন
মিলান আফ্রিদী
আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য নির্মাতা এজাজ মুন্না নির্মাণ করছেন সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘সাবালোভা’। নাটকটি রচনা করেছেন এজাজ মুন্না নিজেই। যেখানে সাত পর্বের ধারাবাহিক নির্মাণ করতে এখন সাধারণ নির্মাতারা মাত্র তিন দিন সময় নিয়ে থাকেন, সেখানে এজাজ মুন্না সাত দিন ধরে এই সাত পর্বের ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন। প্রতি পর্বে বিশ মিনিট হিসেবে সাত পর্বের এই ধারাবাহিকের মোট সময় হয় ১৪০ মিনিট। ১৪০ মিনিটের এই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন উর্মিলা শ্রাবন্তী কর ও জোভান। এর আগেও উর্মিলা ও জোভান একসঙ্গে অভিনয় করেছেন। তবে এবারের ঈদে এটিই তাদের অভিনীত একমাত্র ঈদ ধারাবাহিক নাটক। উর্মিলা বলেন, ‘এর আগে মুন্না ভাইয়ার নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। তিনি নিজেই নাটক রচনা করেন এবং নিজের রচিত নাটক নিজেই নির্দেশনা দেন। যে কারণে নির্মাণের সময় তিনি অনেক মনোযোগ দিয়ে যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। আর এজন্য নাটক প্রচারের সময়ও বেশ সাড়া পাই। যথারীতি এই নাটকটিও মুন্না ভাই অনেক যত্ন নিয়ে নির্মাণ করছেন। তাই আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ জোভান বলেন, ‘মুন্না ভাইয়ের নির্দেশনায় এর আগে আমার কাজ করার সুযোগ হয়নি। এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করছি। ইচ্ছে ছিল তার নির্দেশনায় কাজ করার। এবার ‘সাবালোভা’য় কাজ করার মধ্যদিয়ে সেই ইচ্ছা পূরণ হলো। আমি কাজটি করতে পেরে ভীষণ আনন্দিত। মুন্না ভাই সত্যিই অনেক গুণী একজন নির্মাতা।’ এদিকে গতকাল ছিল উর্মিলার জন্মদিন। জন্মদিনে দুটো টিভি শোতে অংশ নেওয়ার পর আজ তিনি তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে যাবেন বাবার স্মৃতি স্তম্ভের কাছে। উর্মিলা বলেন, ‘দেখতে দেখতে বাবাকে ছাড়া দুটো জন্মদিন পেরিয়ে যাচ্ছে। বাবাই ছিলেন আমার জন্মদিনের কেন্দ্রবিন্দু। বাবা নেই, সব কেমন যেন শূন্য শূন্য লাগে। খুব একা একা মনে হয় মাঝে মাঝে। ভীষণ মিস করি বাবাকে। জন্মদিন এলেই তাই মনটাও ভীষণ খারাপ হয়ে যায়।’ এদিকে উর্মিলা শ্রাবন্তী কর আগামী ঈদের জন্য বি ইউ শুভ, সীমান্ত সজল, অনন্য ইমন ও সাইফুলের ঈদ নাটকের কাজ শেষ করেছেন। উর্মিলা বলেন, ‘অনেক স্ক্রিপ্টই আসছে প্রতিনিয়ত। চেষ্টা করছি ভালো ভালো গল্পের নাটকগুলোতে কাজ করার। বিশেষ করে আমার চরিত্রের প্রতি আমি মনোযোগ দিচ্ছি। নিজেকে ভাঙা যায় এমন চরিত্রগুলোই করার চেষ্টা করছি। আশা করছি আগামী ঈদে আমাকে আরও ভালো কিছু কাজে দেখতে পাবেন দর্শক।’ আপাতত ঈদের নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে উমির্লা ব্যস্ত থাকলেও তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। যেমন ‘সোনার শেকল’, ‘কাগজের ফুল’, ‘প্রেম নগর’, ‘কর্পোরেট’ ইত্যাদি।
