বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি। কিন্তু সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপটা খুব বেশি ভালো যায়নি তার। দুই গোল এক অ্যাসিস্ট করলেও সমালোচিত হয়েছেন অতিমাত্রায় ভণিতা করায়। তবে বিশ্বকাপের সেরা একাদশে নেইমার সুযোগ পাবেন? এ প্রশ্নের উত্তরে সবার জবাব জানাই ছিল, না!
গতকাল তাই বিশ্বকাপের সেরা একাদশ ফাঁস হওয়ার খবরে সংবাদমাধ্যম উত্তপ্ত হয়ে উঠল। না ফাঁস হয়েছে, এ তথ্যে নয়। সংবাদমাধ্যমের জন্য এসব তথ্য ফাঁস হলেই বরং ভালো। এলাকা উত্তপ্ত করেছে সে দলে থাকা বিভিন্ন খেলোয়াড়ের নাম। ফরোয়ার্ড হিসেবে এমবাপ্পের নাম নিয়ে কোনো বিতর্ক ছিল না।
ছিল না ফরোয়ার্ড লাইনে থাকা গ্রিজমান ও হ্যাজার্ডকে নিয়েও। ঝামেলা পাকাল চতুর্থ ফরোয়ার্ড হিসেবে নেইমারের নাম থাকাটাই। এ বিশ্বকাপের পারফরম্যান্স মানলে ক্রিস্টিয়ানো রোনালদো, মারিও মানজুকিচ, কাভানিদের, টপকে নেইমার কোনোভাবেই সেরা একাদশে আসতে পারেন না।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফাঁস হওয়া সেই একাদশে দেখা গেল নেইমারকে। মিডফিল্ডে তাকালে মেজাজ আরও খারাপ হবে। টুর্নামেন্টের সেরা খেলোয়ার লুকা মদ্রিচের সাথে রাখা হয়েছে পাওলিনহোক। এনগোলো কান্তে, ইভান রাকিতিচ ও পল পগবাদের টপকে কিনা পাওলিনহো মিডফিল্ডে! গোল্ডেন গ্লাভস জেতা থিবো কোর্তোয়া নন, গোল পোষ্টের নিচে রাখা হয়েছে হুগো লরিসকে!
প্রসঙ্গত, দর্শকদের নির্বাচিত দলে জায়গা হয়নি নেইমারের। সেখানে রয়েছে রোনালদো।
