ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনের জন্য লিভারপুল রোমাকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে, এটা গতকালের খবর। কিন্তু আজ বিবিসি বলছে, ইতালিয়ান ক্লাবটি লিভারপুলের প্রস্তাবে রাজি হয়েছে।
ধারণা করা হচ্ছে, অ্যালিসনের সঙ্গে আলোচনায় বসবে লিভারপুল। বেতনভাতা নিয়ে কথাবার্তা পাকা হলেই অ্যালিসন হবেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক। তার জন্য যে লিভারপুল দিচ্ছে ৭৫ মিলিয়ন ইউরো (৬৬.৮ মিলিয়ন পাউন্ড)।
প্রাথমিকভাবে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল লিভারপুল। কিন্তু রোমার চাওয়া ছিল আরো পাঁচ মিলিয়ন। শেষ পর্যন্ত ৭৫ মিলিয়ন ইউরোই দিতে রাজি হয়েছে লিভারপুল। এত দামে গোলরক্ষক কেনার রেকর্ড নেই কোনো ক্লাবের।
অ্যালিসন ব্রাজিলের হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলে সম্প্রতি দেশে ফিরেছেন। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের হয়ে তার ক্যারিয়ার শুরু। গত দুই বছর ধরে রোমায় খেলছেন। ২৫ বছর বয়সি এই গোলরক্ষক গত মৌসুমে সিরি ‘আ’তে ৩৭ ম্যাচ খেলেছেন।
বিশ্বকাপে তিনি ব্রাজিলের পাঁচ ম্যাচেই খেলেছেন। এর মধ্যে তিনটিতে ব্রাজিলের জাল অক্ষত রাখেন।
