বিশ্বকাপের পর ফুটবলের নতুন আসর

বিশ্বকাপের পর- বিশ্বকাপ নিয়ে উন্মাদনা এবারের মতো শেষ। আবার চার বছর পর দেখা হবে কাতারের মাঠে। কিন্তু তাই বলে কি ফুটবল নিয়ে মাতামাতি এতো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে?

না, বিশ্বকাপের পর ফুটবল প্রেমিদের জন্য সুখবর হলো আর কয়েক দিন পর থেকেই শুরু হচ্ছে ক্লাব ফুটবলের জমজমাট আসর। বিভিন্ন দেশের বিভিন্ন লিগ শুরু হওয়ার মাধ্যমেই পর্দা উঠবে সামনের ফুটবল মৌসুমের।

ইংল্যান্ডের লিগ মৌসুম শুরু হবে কমিউনিটি শিল্ডের মাধ্যমে। মুখোমুখি হবে চেলসি আর ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হবে আগামী ৫ আগস্ট, বাংলাদেশ সময় রাত ৮টায়।

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে ১১ আগস্ট থেকে। প্রথম দিন বড় দলগুলোর মধ্যে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, লেস্টার সিটি, টটেনহাম ও চেলসি। আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি পরস্পরের মুখোমুখি হবে পরদিন, ১২ আগস্ট। সেদিন মাঠে নামবে লিভারপুলও।

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ-জয়ী রিয়াল মাদ্রিদ ও উয়েফা ইউরোপা লিগ জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নামবে ১৬ আগস্ট। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

বার্সেলোনা ও সেভিয়া মুখোমুখি হবে ১২ আগস্ট। লা লিগার পূর্ণ সূচি অবশ্য এখনো প্রকাশিত হয়নি। ২৩ জুলাই তা জানা যাবে। তবে ১৮ আগস্ট থেকে শুরু হবে লিগ।

রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ আগস্ট তবে, এ ম্যাচে রোনালদোর খেলার সম্ভাবনা কম।

৪ আগস্ট ফরাসি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি আর মোনাকো। খেলা হবে চীনের শেনজেনে। ১১ আগস্ট শুরু হবে লিগ। পিএসজির প্রথম ম্যাচ ১২ আগস্ট দিবাগত রাত ১টায়।

১৩ আগস্ট জার্মান সুপার কাপের ম্যাচ। বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে এইনট্রাখট। বায়ার্ন অবশ্য এর আগে বড় দলগুলোর বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ২১ জুলাই পিএসজি, ২৬ জুলাই জুভেন্টাস আর ২৯ জুলাই ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন।