শুভ জন্মদিন ডলি জহুর

নন্দিত অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ মঙ্গলবার। চার যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন গুণী এই অভিনেত্রী।

অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক চলচ্চিত্রেও অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

১৯৭৪-৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নাট্যদল ‘নাট্যচক্র’তে যুক্ত হন। সেখান থেকেই অভিনয়ের শুরু।

এরপর মঞ্চে নিয়মিত অভিনয় করেন ডলি জহুর। আশির দশকে হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ নাটকে অভিনয় করে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন তিনি।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অসাধারণ’। কালজয়ী অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান এই অভিনেত্রী। তারমধ্যে ‘আগুনের পরশমনি’, ‘বাবা কেন চাকর’, ‘শঙ্খনীল কারাগার’, ‘আনন্দ অশ্রু’, ‘সন্তান যখন শত্রু’, ‘ঘানি’, ‘দারুচিনিদ্বীপ’ উল্লেখযোগ্য।

১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ডলি জহুর।

১৯৭৬ সালের ৫ নভেম্বর প্রয়াত অভিনেতা জহুরুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ডলি জহুর।