শুভ কামনা টয়া: সিয়াম

এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার। মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর ‘বেঙ্গলি বিউটি’। এর আগে টয়াকে শুভ কামনা জানিয়েছেন সিয়াম আহমেদ।

সিয়াম বলেন, একজন শিল্পীর জীবনে প্রথম সিনেমা খুব গুরুত্বপূর্ণ। সেটা কিছুদিন আগে আমি নিজেও বুঝতে পেরেছি। আমার প্রথম সিনেমা গত ঈদে মুক্তি পেলো। এবার টয়ার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি ভাবতেই ভালো লাগছে যে আমাদের দুই বন্ধুর বড় পর্দায় অভিষেক খুব কাছাকাছি সময়ে হচ্ছে। আমি টয়ার সিনেমার সাফল্য কামনা করছি। শুভ কামনা টয়া।

‘বেঙ্গলি বিউটি’র মুক্তি উপলক্ষে গতকাল রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করেন টয়া। সেখানে তাকে অন্যান্য অতিথিদের সঙ্গে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন সিয়াম। এসময় টয়াকে নিয়ে এসব কথা বলে সিয়াম।

রাহশান নূর পরিচালিত ‘বেঙ্গল বিউটি’ আগামী শুক্রবার (২০ জুলাই) সারাদেশে মুক্তি পাবে। জানা গেছে, এখন পর্যন্ত রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, বলাকা ও শ্যামলী প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, ছোট পর্দা থেকে উঠে এসেই বড় পর্দা কাঁপিয়েছেন সিয়াম। নিজের অভিষিক্ত ছবিতে নজর কেড়েছেন দর্শকদের। উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমা।
তার অভিনীত আরও দু’টি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে।

এদিকে সিয়াম ও টয়া একসঙ্গে অনেক কাজ করেছেন ছোট পর্দায়। তাদের জুটি বেশ প্রশংসিতও। বিশেষ করে স্বল্পদৈঘ্য ‘বখাটে’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এ জুটি।