ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত তারা

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতল ফ্রান্স। তরুণ তুর্কী গ্রিজম্যান, পগবা ও এমবাপ্পের লক্ষ্যভেদে শিরোপা নিয়েই বাড়ি ফিরছে দিদিয়ের দেশমের দল। ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত সেলিব্রেটিরা। ফরাসিদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তারা।

ব্রাজিল সমর্থক অমিতাভ বচ্চন ফ্রান্সের জয়ে দারুণ উচ্ছ্বসিত। বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচই দেখেছিলেন তিনি। ছেলে অভিষেকের মতো তারও বেশ ফুটবলে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া ছেড়ে রাশিয়ায় চলে গিয়েছেন বাবা-ছেলে।

খেলা শেষে টুইট করে ফ্রান্সকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি, অভিনন্দন ফ্রান্স। দারুণ খেলে তোমাদের শক্তির প্রমাণ দিয়েছ। ক্রোয়েশিয়াও আমাদের হৃদয় জিতে নিয়েছে। আর অসাধারণ একটি ফুটবল আসর সম্পন্ন করায় রাশিয়াকেও অভিনন্দন।

অন্যদিকে বিপাশা বসুর পোস্টেও দেখা গেছে জয়ের উচ্ছ্বাস। কারণ অভিনেত্রী তার পরিবারে একমাত্র ফ্রান্স সাপোর্টার ছিলেন। ফ্রান্সের জয়ে তার চেয়ে বেশি খুশি হয়নি। নায়িকার উচ্ছ্বাস কতখানি তা তার টুইটে প্রমাণ হয়েছে। বাড়িতে আর কেউ ফ্রান্সকে সাপোর্ট করছিলেন না তাই ফ্রান্স জেতার পর তিনি একাই নেচে সেলিব্রেট করেছেন। সেই কথাও টুইটে লিখেছেন তিনি।

টুইটে পিছিয়ে নেই টালিউডও। পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায় লিখেন, ‘আবার বছর কুড়ি পরে।’ ব্যস! এইটুকুই লিখে তিনি তার শুভেচ্ছা জানালেন ফ্রান্সকে। দীর্ঘ কুড়ি বছর পর ফ্রান্সের ঘরে এল বিশ্বকাপ। শ্রীজিতের পাশাপাশি আবিরও টুইট করে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সকে। এর আগেও অবশ্য তিনি বিশ্বকাপ নিয়ে নানা আপডেট দিয়েছেন টুইটারে।