অনেকদিন বিরতির পর আবারো নতুন ছবির ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। ইরানের সাথে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করছেন তিনি। তবে সেসময় ছবির ঘোষণা দিলেও ছবির কাজ শুরু করেননি। তবে সম্প্রতি তিনি ছবির কাজ শুরুর খবর দিলেন।
‘দিন-দ্য ডে’ শিরোনামে ছবিটির চিত্রনাট্য তৈরির কাজ শুরু করেছেন অনন্ত। অনন্ত বলেন, ‘ইরান সফর করে আমার পরবর্তী চলচিত্র ‘দিন-দ্য ডে’র প্রযোজক, শুটিংয়ের স্থান, অভিনয়শিল্পী থেকে শুরু করে অন্যান্য দিকগুলোর প্রাথমিক প্রস্তুতি ও আলোচনা সম্পন্ন করেছি।
এরইমধ্যে ইরানের অন্যতম খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সাথে প্রাথমিক আলোচনা সফলভাবে সম্পন্ন করেছি।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বহু সফল চলচ্চিত্রের রচয়িতা ছটকু আহমেদ ভাইকে নিয়ে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন স্ক্রিপ্টটি সুন্দর ও সফলভাবে লেখা শেষ করতে পারি এবং সুন্দর একটি চলচ্চিত্র উপহার দিতে পারি।’
ছবিটির পুরো শুটিং ইরানে করতে চান অনন্ত। মূলত সিরিয়ায় মুসলিমদের ওপর চলা বর্বরতা এই ছবির মূল বিষয়। যার জন্য ইরানে শুটিং করতে চান অনন্ত।
ছবিটিতে অভিনয় করবেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। আগামী নভেম্বর মাস থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মাঝে এতদিনের বিরতি প্রসঙ্গে অনন্ত বলেন, ‘ছবির পাশাপাশি আমার ব্যক্তিগত ব্যবসাতেও সময় দিতে হয়। সবকিছু মিলিয়ে নতুন ছবির জন্য একটা বিরতি দরকার ছিল বলে মনে করি। সেই বিরতি কাটিয়ে এখন আবার প্রস্তুত হয়েছি।’
