শাকিবকে নিয়ে অমিতাভের ডাবল ধামাকা!

শাকিব খান-কে নিয়ে এমন খবরটা আগেই শোনা গিয়েছিল। বলা হয়েছিল, ‘আয়নাবাজি’খ্যাত পরিচালক অমিতাভ রেজার চলচ্চিত্রে অভিনয় করবেন ঢালিউড কিং শাকিব খান। তবে এবার এলো ডাবল ধামাকার খবর। এখন শোনা যাচ্ছে, অমিতাভের দুই ছবিতেই দেখা যাবে শাকিবকে।

‘আয়নাবাজি’ প্রথম ছবি হিসেবে মুক্তি পেলেও অমিতাভের চলচ্চিত্রের শুরুটা হওয়ার কথা ছিল ‘রিকশা গার্ল’ দিয়ে। নানা কারণে এটি হয়নি। এবার হচ্ছে। অমিতাভ শিগগিরই শুটিং শুরু করছেন এই ছবির কাজ। আর এতে থাকছেন ঢাকাই কিং শাকিব খান। সাংবাদিকদের কাছে পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ১৪ জুলাই নতুন আরও একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অমিতাভ। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবির নাম ‘পুনরুজ্জীবন’। খবর মিলছে, এ ছবিতেও নায়ক থাকবেন শাকিব খান। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে অমিতাভ রেজা দুটি ছবির সম্ভাব্য শিল্পীদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন। শাকিবের সঙ্গেও হয়েছে বৈঠক।

ষ্টারটক বিডি ডটকমকে অমিতাভ রেজা জানান, আমার ‘রিকশা গার্ল’-এ থাকবেন শাকিব খান। বিশেষ একটি চরিত্রে। তবে ‘পুনরুজ্জীবন’ পরে শুরু হবে। আগামী বছর! ওটা নিয়ে এখনই অস্থিরতা নেই। এটার কিছুই এখনো নিশ্চিত নয়।’

তবে মিডিয়ায় খবর, ‘রিকশা গার্ল’ দিয়ে অমিতাভ রেজা ও শাকিব খান একে অপরকে বোঝার চেষ্টা করবেন। সে কারণেই ছবিটির বিশেষ চরিত্রে থাকছেন শাকিব। কারণ, দু’জনের একসঙ্গে কাজের অভিজ্ঞতা আগে হয়নি। ফলে অমিতাভ-শাকিবের জন্য ‘রিকশা গার্ল’ হতে যাচ্ছে পুরো ছবি মুক্তির আগে ট্রেলার তৈরির মতো! প্রথম কাজের অভিজ্ঞতা ভালো হলে ‘পুনরুজ্জীবন’ হবে তাদের একসঙ্গে প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র যাত্রা।

২০০৭ সালে ভারতীয় লেখিকা মিতালি পার্কিনসের বেস্টসেলার উপন্যাস ‘রিকশা গার্ল’ এর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। উপন্যাসটি থেকে চলচ্চিত্রের চিত্রনাট্যে রূপান্তর করেন টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র লেখক দলের অন্যতম সদস্য বাংলাদেশি শর্বরী জোহরা আহমেদ।

জানা গেছে, নারীর ক্ষমতায়নের গল্পে নিমির্ত হবে ‘রিকশা গার্ল’। গল্পের মুখ্য চরিত্র ‘নাইমা’, যে পরিবারকে সাহায্য করার জন্য কিছু বাড়তি আয়ের আশায় পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে। রিকশাটিকে তার বাবা নিজের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু রাস্তায় নেমে সেই রিকশাটিকেই কিছু একটার সাথে ধাক্কা লাগিয়ে নষ্ট করে ফেলে নাইমা। এবার শুরু হয় দৃঢ়চেতা নাইমার এক নতুন লড়াই, যে করেই হোক রিকশাটিকে সারিয়ে তুলতে হবে। গল্পের প্রয়োজনে চলচ্চিত্রটিতে ঢাকার ঐতিহ্যবাহী রিক্সা পেইন্টিংকে তুলে ধরবেন অমিতাভ। চলচ্চিত্রটিতে ব্যবহৃত হবে অ্যানিমেশনও।

অন্যদিকে ‘পুনরুজ্জীবন’ ছবির চিত্রনাট্য লিখেছেন অমিতাভ রেজা নিজেই। যেটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।