ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়ও মিটমিট করে আলো জ্বলেছে দেশের প্রেক্ষাগৃহে। আর তা নিয়েও খুশিও প্রযোজক, পরিচালক, হল মালিক ও কলাকুশলীরা। ঈদের ছবি পুরো ১ মাস ধরে চলছে, হলে নেই নতুন কোনো ছবি। এই মিটমিট ভাব আর ক’দিন জ্বলতে পারে! তবে এরমধ্যে শোনা যাচ্ছে আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ৪টি চলচ্চিত্র। এরমধ্যে দুটি বাংলাদেশের, অন্য দুটি আমদানি করা ভারতীয় সিনেমা। সব ঠিকঠাক থাকলে ২০ জুলাই মুক্তি পাবে ‘ভাইজান এলো রে’, ‘বেঙ্গল বিউটি’, ‘সুলতান’ ও ‘মিস্টার বাংলাদেশ’। ভাইজান এলো রে ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পায়। সাফটা আমদানি রফতানি বাণিজ্য চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তির অনুমতি পায়। বেশ আগেই সিনেমাটির মুক্তির দিন ঠিক করে রেখেছে এনইউ আহমেদ ট্রেডার্স। তারা জানিয়েছে, ২০ জুলাই সারাদেশে মুক্তি পাবে ভাইজান এলো রে। শাকিবের বিপরীতে এতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টেপাধ্যায় ও পায়েল সরকার। জয়দ্বীপ মুখার্জী পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু ও শাহেদ আলী। গত ৬ জুন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে মুক্তির প্রহর গুনছে বেঙ্গল বিউটি। আগামী ২০ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন টয়া। তিনি বলেন, ‘চলতি বছর ভালোবাসা দিবসে বেঙ্গলি বিউটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর ছাড়পত্র পেতে একটু দেরি হাওয়ায় মুক্তি পিছিয়ে যায়। পরিচালক জানিয়েছেন আগামী ২০ জুলাই সিনেমাটি মুক্তি পাবে। এই প্রথম আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তাই মনের মধ্যে একটু ভয়ও কাজ করছে।’ বেঙ্গলি বিউটি পরিচালনা করেছেন রাহশান নুর।
বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে রচিত খিজির হায়াত খান অভিনীত ঢালিউড চলচিত্র ‘মিস্টার বাংলাদেশ’। সিনেমাটি ২০ জুলাই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মিস্টার বাংলাদেশ সিনেমাটি পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান। সিনেমাটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন খিজির হায়াত খান। একজন সাংবাদিক হয়ে কীভাবে জঙ্গি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করেন তা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে জানিয়েছেন এ অভিনেতা। এ সিনেমায় খিজির হায়াত খানের বিপরীতে আছেন লাক্স তারকা শানারেই দেবী শানু। এছাড়া সুলতান:দ্য সেভিয়ার মুক্তি পাবে ২০ জুলাই।—এমনটাই জানিয়েছেন জাজ মাল্টিমিড়িয়ার কর্ণধার আব্দুল আজিজ। সুলতান ছবিতে অভিনয় করেছেন কলকাতার জিত্ ও বাংলাদেশের বিদ্যা সিনহা মীম। কলকাতার নির্মাতা রাজা চন্দ পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আমান রেজা, তাসকিন রহমান ও শহীদুল আলম সাচ্চু।
