৫ম শ্রেণির ছাত্রীকে- নরসিংদীর পলাশে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ধর্ষিত শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের টান চলনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গাঁ ঢাকা দিয়েছে অভিযুক্ত আবু তাহের (৩৫)। সে চলনা গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।

নির্যাতিত ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে টান চলনা গ্রামের এক সন্তানের জনক আবু তাহের পেছন দিক থেকে ওই শিশু শিক্ষার্থীর মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে যায়। বাড়ীতে কেউ না থাকার সুযোগে এ সময় গায়ের ওড়না ও দড়ি দিয়ে শিশুটিকে বেধে ধর্ষণ শেষে ছেড়ে দেয়া হয়। আহতাবস্থায় শিশুটি বাড়িতে পৌছালে অভিভাবকরা পলাশ থানায় খবর দেয়। পুলিশ ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেছেন।
পলাশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, অভিযুক্ত ধর্ষক আবু তাহেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
