৬৫ পেরিয়ে আসাদ

বিশিষ্ট অভিনেতা রাইসুল ইসলাম আসাদের জন্মদিন আজ। এ দিনটিতে তিনি ৬৫ পেরিয়ে ৬৬ বছরে পা রেখেছেন। তবে এ উপলক্ষে নেই বিশেষ কোনো আয়োজন। নিজের মতো করেই নিজ বাসায় সময় কাটাবেন তিনি। রাইসুল ইসলাম আসাদ বলেন, জন্মদিন উপলক্ষে একটি চ্যানেলে যাওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েকদিনে গরমে শুটিং করে বেশ দুর্বল হয়ে পড়েছি।
তাই জন্মদিনে ঘর থেকেও বের হওয়ার কোনো ইচ্ছে নেই। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন।
এদিকে বর্তমানে রাইসুল ইসলাম আসাদ অভিনীত দুটি নাটক দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। একটি রহমতুল্লাহ তুহিনের ‘নিউ ইয়র্ক থেকে বলছি’, অন্যটি নজরুল ইসলাম রাজুর ‘ঘরে বাইরে’। এ অভিনেতা আরো দুটি নতুন ধারাবাহিকের কাজ করছেন। একটি রোকেয়া প্রাচীর ‘সোনালী দিন’ এবং অন্যটি ভুবনের ‘দি ঢাকা এক্সপ্রেস’।