আলিঙ্গন অথবা স্পর্শ কোনটাই নয়’

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় থেকে রবিবার সন্ধ্যায় উদ্ধারকৃত চার কিশোর আপাতত ভালো আছে। হয়ত আজ দিনেরে শেষে তাদের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে পারে।

থাইল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শক ড. থোঙ্গচাই লার্টউইলাইরাত্তানাপোং বলেছেন, চিয়াংরাইয়ের প্রাচানুক্রোহ হাসপাতালে ওই চার কিশোরকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

থাই দৈনিক কোম চাদ লেককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা হওয়া শেষে ওই চার কিশোর আজ দিনের শেষে তাদের ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু রক্তপরীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত শিশুদের সঙ্গে সবধরনের শারীরিক স্পর্শ থেকে সতর্ক করা হবে।

তিনি বলেন, ‘ কমপক্ষে ১/২ মিটার ব্যবধানে থেকে দর্শনার্থীরা শুধুমাত্র তাদের সঙ্গে দেখা ও কথা বলার অনুমতি পাবে। আলিঙ্গন অথবা স্পর্শ কোনটাই নয়। উদ্ধারকৃতরা যেন লেপটোসপিরোসিস ও মেলিওডোসিসের মত ভয়াবহ সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করতে চিকিৎসকেরা কাজ করেছেন।
হাসপাতালসূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কিশোরদের রক্ত পরীক্ষা, ফুসফুসের এক্সরে, ও মূত্র পরীক্ষা করা হয়েছে। উদ্ধারকৃতদের একজনের মধ্যে ভয়াবহ অপুষ্টি জনিত রোগের লক্ষণ দেখা গেছে।

উল্লেখ্য, রবিবার প্রায় ১০ ঘন্টার অভিযান শেষে থাম লুয়াং নং নন গুহা থেকে চার কিশোরকে জীবিত উদ্ধার করে ডুবুরিরা। এরপর চারজনকে পাশের ফিল্ড হাসাপাতালে প্রাথমিক পরীক্ষা শেষে হেলিকপ্টারে করে চিয়াং রাইয়ের হাসপাতালে নেয়া হয়। এখনো ওই গুহায় ওয়াইল্ড বোরস ফুটবল ক্লাবের ৮ কিশোর ও তাদের কোচ আটকে আছেন। তারা প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে ওই গুহার ভেতরে অবস্থান করছেন। দ্যা গার্ডিয়ান।