রোজা ঈদে মুক্তি দেয়ার লক্ষেই নির্মিত হয়েছিলো ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিটি। কলকাতার জিতের বিপরীতে এই ছবির নায়িকা বাংলাদেশের মিষ্টি মেয়ে বিদ্যা সিনহা মিম। বেশ দ্রুতই শেষ হয়েছিলো ছবির কাজ।
তবে যৌথ প্রযোজনার নিয়মে পরিবর্তন আসায় ছবিটি যৌথ প্রযোজনার অনুমতি পায়নি। এরপর শোনা যায়, সাফটা চুক্তিতেই বাংলাদেশে ঈদে মুক্তি পাবে ‘সুলতান’। কিন্তু হাইকোর্টের এক রায়ে সেই আশাতেও গুলেবাড়ি পড়ে যায়।
অবশেষে ঈদের পর ছবিটির আমদানিকারক বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিলো ৬ জুলাই মুক্তি পাবে ‘সুলতান’। দুর্ভাগ্যের ব্যাপার হলো সেটিও সম্ভব হয়নি। মুক্তি পায়নি ছবিটি। ফলে ছবির নায়িকা মিমের অপেক্ষাটা আরও দীর্ঘ হলো ‘সুলতান’র জন্য।
খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রণালয় থেকে মৌখিক অনুমতি নিলেও এ সপ্তাহে মুক্তির বিষয়ে এখনও কোনো চিঠি পায়নি প্রতিষ্ঠানটি। যার ফলে আপাতত মুক্তি দিতে পারছে এ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
‘সুলতান’র কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। এছাড়াও রয়েছে কলকাতার প্রিয়াঙ্কা সরকার, বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস। তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও।
