তরিকুলের মেরুদণ্ডের হাড়ও ভেঙে গেছে (ভিডিও)

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেকের মেরুদণ্ডের হাড়ও ভেঙে গেছে। তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে। চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।
কোটা আন্দোলনকারীদের অভিযোগ, গত ২ জুলাই বিকেল ৪টার দিকে কোটা আন্দোলনে পতাকা নিয়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় ফটকের দিকে স্থানীয় বিনোদপুর থেকে মিছিল নিয়ে যান আন্দোলনকারীরা।
এর আগে থেকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ফটকে অবস্থান করতে থাকেন। ওই সময় তাদের হাতে লাঠি, জিআই পাইপ, হাতুড়ি, রড দেখা যায়।

ছাত্রলীগের পাশাপাশি বহু পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। জাতীয় পতাকা হাতে আসেন কোটা আন্দোলনকারীরা। তাদের দেখেই ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনকারীরাও পাল্টা ধাওয়া দেন। এ সময় পুলিশও ছাত্রলীগের পেছনে দৌড়াতে থাকে।
পরে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করলে তারেক রাস্তায় পড়ে যান। ওই সময় তাকে লাঠি, রড, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ওই মারধরে কোটা সংস্কার আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফসহ অন্তত ১১ জন আহত হন।

প্রথমে জানা যায় আঘাতে তরিকুলের ডান পায়ের হাড় ভেঙে যায়। পরে চিকিৎসকরা জানান, তরিকুলের মেরুদণ্ডের হাড়ও ভেঙ্গে গেছে। বর্তমানে রাজশাহী নগরীর রয়্যাল হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন।
তরিকুলের তত্ত্বাবধানে থাকা রয়্যাল হাসপাতালের চিকিৎসক ডা. সাঈদ আহমেদ জানান, তরিকুলের ডান পা ভেঙেছে। ওর পিঠের এক্স-রে করিয়েছি আমরা। কোমরের ঠিক উপরে মেরুদণ্ডের হাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে বলা যায়।

তিনি বলেন, ভারী কিছুর আঘাতে এমনটি হয়েছে। অস্ত্রোপচার করার দরকার হবে কিনা সেটা এক্স রে প্রতিবেদন হাতে এলে জানা যাবে। তবে দীর্ঘসময় তাকে চিকিৎসা নিতে হবে।
তরিকুল জানান, কোমরের ঠিক উপরের জায়গায় প্রচণ্ড ব্যাথা অনুভব করছেন তিনি। ক্রমে তা বাড়ছে। একটু নড়াচড়া করলেই মনে হচ্ছে কেউ ভারী বস্তু দিয়ে সেখানে আঘাত করছে।
গত ২ জুলাই হামলার পর পাঁচদিন চিকিৎসাধীন থেকেও তরিকুলের শারিরীক অবস্থার কোনো উন্নতি হয়নি। শরীরজুড়ে প্রচন্ড ব্যাথা। বাম পায়ে বড় কোনো আঘাত না থাকলেও ডান পা নড়াচড়া করলে পুরো শরীর ব্যাথা করছে। হাসপাতালের বেডে উঠে বসতেও পারছেন না তরিকুল।

শারীরিক অবস্থা সম্পর্কে তরিকুল জানান, তার শরীরে খুব ব্যথা। মেডিসিন নিচ্ছেন নিয়মিত। প্লাস্টার খোলা হয়েছে, ডান হাটুর নীচে থেকে একদিকে হেলে গেছে। তরিকুলের মনে হচ্ছে কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। মেরুদণ্ডের হাড়েও খুব ব্যথা। বসতেও পারছেন না। কোমরের ঠিক উপরের দিকে ব্যাথা। অসহ্য যন্ত্রণা অনুভব করছেন।