আমি সিঙ্গেল নই : রণবীর

বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই বলিপাড়ায় উড়ছে।

এদিকে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রণবীর। এতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। বর্তমানে এ অভিনেতা সিঙ্গেল কিনা? সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় তাকে।

রণবীর বলেন, ‘আমি সিঙ্গেল নই। আমি কখনোই সিঙ্গেল থাকব না।’ আলিয়া ভাটের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে রাজি নই।’

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে রণবীর অভিনীত সিনেমা সাঞ্জু। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। এতে অভিনেতা সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। সিনেমাটির জন্য প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো সিনেমা শুরুর আগে আমি পরিচালকের মনের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করি। তিনি কী লিখেছেন একজন আভিনেতা হিসেবে তা আমাকে বুঝতে হয়। অন্য যে বিষয়টি বুঝতে হয় তা হলো এর উপাদান। সাঞ্জু’র মতো চরিত্র একজন অভিনেতার জীবনে সবসময় আসে না। আমি বুঝতে পেরেছিলাম এ সিনেমার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কোনো সিনেমা থেকে একজন অভিনেতা অনুপ্রেরণা পায় এটা খুব কম হয়। রকস্টার’র পর সাঞ্জু আমার জন্য তেমনই একটি সিনেমা।’