কোটি ভক্তকে কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। শুক্রবার রাতে কাজান এরেনায় কোয়ার্টার ফাইনালে চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়ামের মুখোমুখি হয় তিতের দল। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারায় লুকাকুরা। তবে এই ম্যাচে অপ্রতিরোধ্য ছিলেন বেলজিয়ামের গোলরক্ষক থিবাউ কুরতোয়া।
এদিন ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের দুর্দান্ত সব শট ঠেকিয়ে বারবার তাদের হতাশ করেছেন কুরতোয়া। তার এই পারফরম্যান্স নজর কেড়েছে পুরো বিশ্বের। ম্যাচ জয়ের পর তিনি বলেন, ‘আমাদের সবাই চাই খেলায় জিততে, এই ফল তারই প্রতিফলন। নিজের সামর্থ্যের ওপর আমার বিশ্বাস ছিল।’
অন্যদিকে জয়ের জন্য শিষ্যদের পুরো কৃতিত্ব দিয়ে বেলজিয়ান কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘এই ছেলেরা বিশেষ সম্মান নিয়ে বেলজিয়ামে ফিরে যাওয়ার দাবিদার। আমি আশা করি সবাই এদের নিয়ে গর্বিত।’
এ জয়ের ফলে ইতিহাসে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠলো বেলজিয়াম। ১৯৮৬ বিশ্বকাপে সেমিফাইনালে প্রথমবার উঠেছিল ইউরোপের দলটি। সে খেলায় দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা।
