বিএনপির সবাই যাচ্ছেন ব্যাংক! আসলে কি হচ্ছে ব্যাংককে?

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে। দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্যাংককে। বিএনপির আরেক প্রভাবশালী নেতা এবং তারেক জিয়ার ঘনিষ্ঠ আবদুল আউয়াল মিন্টুও এখন ব্যাংককে।

শীর্ষ এই তিন নেতা ছাড়াও বিএনপিতে তারেক জিয়ার ঘনিষ্ঠ আরও কয়েকজন নেতা এখন ব্যাংককে। তারেক জিয়ার ব্যবসা দেখভাল করে, সিঙ্গাপুরে থাকা দুই ব্যবসায়ীও সিঙ্গাপুর থেকে ব্যাংককে উড়ে গেছেন। বিএনপির নেতাদের এক সঙ্গে ব্যাংককে যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। এই সফরে কি কাকতালীয়, নাকি কোনো উদ্দেশ্যে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ব্যাংককে গেছেন?

বিএনপির একাধিক সূত্র বলছে, দেশে কথা বলতে হয় গোয়েন্দা নজরদারির মধ্যে। তারেকের সঙ্গে কথাও প্রায়ই রেকর্ড হয়ে যায়। সামনে আন্দোলন অথবা নির্বাচন যে কৌশলই নির্ধারণ কথা হোক না কেন তাঁর জন্য গোপন শলাপরামর্শ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন।

সম্ভবত এ কারণেই গুরুত্বপূর্ণ নেতারা ব্যাংকককে বেছে নিয়েছেন। অন্য একটি সূত্র বলছে, নানা কারণে তারেক ফখরুল সম্পর্ক টানাপোড়েনে। নির্বাচন এবং আন্দোলনের কৌশল নিয়ে দুই জনের মত বিরোধ এখন প্রকাশ। মির্জা ফখরুল বিএনপির একটি বড় অংশ নিয়ে নির্বাচনে যেতে পারে এমন গুঞ্জন আছে। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বিএনপিতে অনেক প্রশ্ন আছে। সম্ভবত এসব দ্বন্দ্ব মিটাতে নির্বিঘ্ন আলোচনার জন্য তাঁরা ব্যাংকক বেছে নিয়েছেন।

তবে কেন তারা কাছাকাছি সময়ে ব্যাংককে গেলেন, তা বোঝা যাবে ঈদের পর বিএনপির কার্যক্রম দেখে। -বাংলা ইনসাইডার