জি-৭ সম্মেলনে যোগ দিতে কাল কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ এর শীর্ষ নেতাদের আউটরিচ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা সমস্যার দ্রুত ও টেকসই সমাধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করবেন।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রধানমন্ত্রীর কানাডা সফর সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও উপস্থিত ছিলেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, জি-৭ জোটের সভাপতি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী জি-৭ জোটের নেতাদের আউটরিচে অংশ নেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর জি-৭ নেতাদের আউটরিচে নেতারা বিশ্বের সাগর ও মহাসাগরগুলোকে ক্রমবর্ধমান দূষণের হাত থেকে রক্ষা এবং সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

জি-৭-এর সাত সদস্যরাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ইতালি, ফ্রান্স ও জার্মানি।

গত শনিবার অটোয়ায় এক ঘোষণায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন বিশ্বনেতাকে জি-৭ আউটরিচ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ নিয়ে গত দুবছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৬ সালে জাপানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে তিনি আমন্ত্রণ পান।