গত বিশ্বকাপের তো বটেই, ব্রাজিলের পুরো ফুটবল ইতিহাসের দুঃস্বপ্ন হয়ে আছে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের পরাজয়। যা আজও তাড়া করে বেড়াচ্ছে নেইমার-সিলভাদের। কিন্তু সেই পরাজয়কেই দুঃস্বপ্ন নয়, নতুন প্রেরণা হিসেবে দেখছেন ব্রাজিলের খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা মারিয়ো জাগালো!
কয়েক আগেই ব্রাজিলের প্রস্তুতি শিবিরে নেইমারদের দেখতে হাজির দর্শকদের একটা অংশ বার বার ‘৭-১’ বলে স্লোগান দিচ্ছিলেন। পরে তাঁদের সরিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। এর পরেই গোটা ব্রাজিল জুড়ে নতুন জল্পনাকল্পনা গত বিশ্বকাপে সেই স্মৃতি কি রাশিয়ায় তাড়া করবে তিতের দলকে? বিশেষ করে ওই দলে থাকা ছয় ফুটবলারকে। যাঁরা এ বারও ব্রাজিলের বিশ্বকাপ দলে রয়েছেন।
এ ব্যাপারে জাগালো বক্তব্য, সাত গোলের স্মৃতি প্রত্যেক ব্রাজিলীয় নাগরিকের কাছে আজও হুলের মতো বিঁধে রয়েছে। তবে সমর্থকদের দোষারোপ না করে প্রেরণা হিসেবেই দেখতে হবে। মনের মধ্যে ওই স্মৃতি জেগে উঠলে তবেই না তা মুছে ফেলার তাগিদ আসবে।
তিনি বলেন, তিতে ও নেইমারদের দলটা আগের বারের চেয়ে ভাল। গত বার আমাদের সেরা দলটা ছিল না। এ বার রয়েছে। ফলে মানসিকতা পরিবর্তন হবেই।
ব্রাজিলের কোচের পদে বসেই তিতের একমাত্র লক্ষ্য ছিল ১-৭ হারের ভীতি কাটানো। বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জনের পরেই নতুন পরিকল্পনা নেন তিনি। সে সম্পর্কে গত বছর তিতে ঘোষণা করে দেন, ‘সবার আগে দরকার জার্মানির বিরুদ্ধে একটা প্রীতি ম্যাচ খেলা। আর সেটা হতে হবে জার্মানিতেই।’ গত মার্চে সেই ম্যাচে নেইমারহীন ব্রাজিল ১-০ গোলে হারায় জার্মানিকে।
