সবার আগে রাশিয়া পৌঁছালো ইরান

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর মাত্র আট দিন বাকি। পূর্ব ঘোষণা অনুয়ায়ী সবার আগে মঙ্গলবার (৫ জুন) ইরান ফুটবল দলকে বহনকারী বিমানটি মস্কোর স্থানীয় সময় ৮টা ২৬ মিনিটে নুকোভো এয়ারপোর্টে অবতরণ করে।

এয়ারপোর্টে নেমেই ইরানের পর্তুগিজ কোচ কার্লস কুইরোজ জানান, `ইরানের ফুটবলের জন্য স্বপ্ন সত্যি হয়ে আসছে। আমরা কঠোর পরিশ্রম এবং নিজেদের উৎসর্গ করার মাধ্যমে আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। পৃথিবীর সেরা দলগুলোর সাথে খেলে এই বিশ্বকাপের অন্যতম অংশ হতেই এসেছে ইরান। আমরা এখানে এসেছি যতটা সম্ভব আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে লক্ষ্যে। এই বিশ্বকাপকেই আমাদের সেরা বিশ্বকাপ করার জন্য চেষ্টার কোন ত্রুটি থাকবে না। খেলোয়াড়, সমর্থক এবং রাশিয়ার সকল মানুষকে ধন্যবাদ জানাই এই বিশ্বকাপ আয়োজনের জন্য। শুভকামনা বিশ্বকাপের সকল দলের জন্য।’

রাশিয়ার লুকোমটিভ মস্কোর ট্রেনিং সেন্টারে ইরান তাদের ক্যাম্প গড়বে। ১৫ই জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইরানের স্বপ্ন যাত্রা। এশিয়ার প্রথম প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপে জায়গা করে নেওয়া বি-গ্রুপে ইরানের সাথে বাকি দুই দল স্পেন ও পর্তুগাল। এর আগে চার বার বিশ্বকাপ খেললেও গ্রুপ পর্ব উতরাতে পারেনি ইরান।