সিরিজের প্রথম ম্যাচে লজ্জার পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে আশা জাগিয়ে হার। গত কয়েক বছর যাবত বিশ্ব ক্রিকেটে বীরদর্পে খেলে যাওয়া বাংলাদেশ এখন আফগানদের বিপক্ষে আশা জাগিয়ে হারে! আফগানিস্তানের বিপক্ষে জয়টা এখন যেন টাইগারদের কাছে সোনার হরিণ!
ভারতের দেরাদুনে অনুষ্ঠিত সিরিজে অনেক ‘প্রথম’ দেখা হয়ে গেল আফগানদের।রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হলো। বাংলাদেশ প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি হারল। শুধুই কি ম্যাচ, সিরিজও। আর ইতিহাস গড়ে মাথা উঁচু করে মাঠ ছাড়ল কাবুলিওয়ালারা।
একমাত্র জিম্বাবুয়ে ছাড়া অন্য কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড ছিলো না রশিদ খান, নবীদের। কিন্তু এবার সেটিও হলো। আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ হেরে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় সাকিবরা।
দুটি ম্যাচেই আফগানিস্তানের জয়ের নায়ক রশিদ। তবে গত ম্যাচে আফগানিস্তান পেলে ধোনির মতো একজন ফিনিশিয়ার। ১৮টা ওভার বাংলাদেশের বোলাররা যে প্রাণপণ চেষ্টা করেছিলো, সেটা ১৯তম ওভারে নিমেষেই শেষ করে দিলো ফিনিশিয়ার নবী।
শেষ ম্যাচে কি বাংলাদেশ পারবে বারমুডা (রশিদ) ‘ট্রায়াঙ্গল‘ জয় করতে? নাকি হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরবে!
