বিমান বাহিনীর প্রধান হলেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত

এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গতকাল সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মাসিহুজ্জামানকে আগামী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেয়া হয়েছে, যা ১২ জুন থেকে কার্যকর হবে।

বিমানবাহিনীর প্রধান পদে তিনি এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে তাকে অবসর দিয়ে সোমবার আলাদা আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আবু এসরার প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে আদেশে বলা হয়েছে।