৮ম শ্রেণির ছাত্রী ৭মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষক গ্রেফতার

গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ধর্ষণের পর ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গত সোমবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সোহেল রানা (৪০), মহানগরের দক্ষিণ সালনা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং সালনা ল্যাবরেটরি স্কুলের শিক্ষক।

এদিকে শনিবার (২৫ মে) সকালে সালনা এলাকায় ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা মানববন্ধন করেছে।

জানা যায়, গত বছরের ১২ অক্টোবর ওই স্কুলের শিক্ষক রুবেলের কাছে স্কুলে প্রাইভেট পড়তে যায় ভিকটিম ছাত্রী। পাইভেট পড়ানো শেষে শিক্ষক রুবেল চলে যান।

এ সময় ভিক্টিম ও তার দুই বান্ধবী বাড়ি ফেরার প্রস্তুতি নেয়ার সময় অপর শিক্ষক সোহেল রানা ভিক্টিমের সঙ্গে কথা আছে বলে ভিকটিমকে যেতে বারণ করে। এ সময় অপর দুই বান্ধবীকে বাড়িতে চলে যেতে বলে স্কুলের গেট আটকে দেন শিক্ষক সোহেল। পরে ভিক্টিমকে স্কুলের অফিসকক্ষে নিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

সম্প্রতি ভিকটিম ছাত্রী অসুস্থ হয়ে পড়লে আল্টাসনোগ্রাম করার পর জানা যায়, ওই ছাত্রী প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।

এ বিষয়ে গাজিপুর সদর থানার ডিউটি অফিসার আলামিন বিডি২৪লাইভকে বলেন, গত সপ্তাহে এই বিষয়ে একটি মামলা হয়েছে সদর থানায়। আসামী জেলহাজতে রয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।