৪ পেসার ৩ অলরাউন্ডার ও ৪ ব্যাটিং নিয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য ঠিক করা হয়েছিল অন্তত সেমিফাইনাল। এ লক্ষ্যপূরণে প্রথম রাউন্ডের নয় ম্যাচে জিততে হবে অন্তত পাঁচটিতে। এ পাঁচ জয়ের ৪টি ধরা হয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

টানা দুই ম্যাচে হারলেও, এখনো সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে যায় নি। বরং দলে কিছু পরিবর্তন এনে সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ। এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রুবেল হোসেনকে নেয়া ছাড়াও বড় মঞ্চে বরাবর পারফর্ম করা মাহমুদুল্লাহ’র ব্যাটিং অর্ডার নিয়েও টিম ম্যানেজম্যান্টের ভাবনায় পরিবর্তন আনা উচিৎ বলে মন্তব্য করেন আশরাফুল।

স্বপ্নের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় যে স্বপ্নের পরিধি বাড়িয়ে দিয়েছিলো বহুগুন। তবে ফিরতে হয়েছে বাস্তবতায়। টানা দুই হারে সেমির স্বপ্ন পূরণ হবে কি না তা নিয়েই এখন অনেকে সন্দিহান।

নিউজিল্যান্ডের বিপক্ষে লড়েছিলো টাইগাররা। কার্ডিফ বলেই ইংল্যান্ড বধের আর একটা গল্প লিখতে চেয়েছিলো মাশরাফির দল। কিন্তু ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কিছুই হয়নি পরিকল্পনা মত।

পরিসংখ্যান জানাচ্ছে গত বিশ্বকাপের পর থেকে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) লঙ্কানদের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৭টিতেই জয়ী দলের নাম বাংলাদেশ। এছাড়া বিগত দিনগুলোতে খুব ভালো অবস্থানে নেই লঙ্কানরা। ফলে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিতই বলা চলে।

কিন্তু বৃষ্টির কারণে যদি ম্যাচটি না হয়, অর্থাৎ বাংলাদেশ যদি সে ম্যাচ থেকে পূর্ণ ২ পয়েন্ট না পায়- তাহলে সেমিতে খেলার ক্ষেত্রে বড় ধাক্কাই হবে টাইগারদের জন্য। ব্রিস্টলে মঙ্গলবার যাতে বৃষ্টি বাগড়া না দেয় সেটিই এখন প্রার্থনার বিষয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃতামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/রুবেল হোসেন`1, মোহাম্মদ মিঠুন/লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তাজা (অধিনায়ক) এবং মুস্তাফিজুর রহমান।