৩৬ বছর বয়সেই বিয়ে, ঠিক করা ছিল ১৩ বছর আগে

সর্বশেষ জন্মদিনেই আংটি বদল হয়ে যায় নিক-প্রিয়াঙ্কার। গত জুলাইয়ে প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। আর তখনই নিকের দেওয়া আংটি অনামিকায় পরে নেন প্রিয়াঙ্কা।

তবে দেশে ফিরে মুম্বাইয়ে জমকালো আয়োজনে পারিবারিকভাবে সম্পন্ন হয় তাদের বাগদান পর্ব। আর কয়েক দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন নিক-প্রিয়াঙ্কা। কিন্তু আজ থেকে ১৩ বছর আগেই নাকি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে, প্রিয়াঙ্কার বিয়ে হবে ৩৬ বছর বয়সেই।

তবে পরিবার-পরিজন নন, সেই সময়েই প্রিয়াঙ্কার বিয়ের ভবিষ্যৎবাণী করেছিল তার ভাগ্যরেখা, তেমনই দাবি বিখ্যাত জ্যোতিষীর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০০৫ সালে ফিল্মফেয়ার বিনোদন ম্যাগাজিনে জ্যোতিষী সঞ্জয় বি জুমানি জানান, ৩৬ বছর বয়সেই বিয়ে হবে প্রিয়াঙ্কা চোপড়ার। জুমানির ভবিষ্যদ্বাণী মিলিয়ে এই বছরই বিয়ে করছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: সংগৃহীত

জ্যোতিষী সঞ্জয় জুমানি জানিয়েছেন, প্রিয়াঙ্কার নিউমারোলজি সংখ্যা ৯। যাদের নিউমারোলজি সংখ্যা ৯, তাদের সহায় থাকে মঙ্গল। যেকোনো জায়গায় নেতৃত্ব দিতে তারা দক্ষ। আর তাই প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউড পেরিয়ে হলিউডেও প্রবেশ করে সেখানেও গড়ে তুলছেন নিজের রাজত্ব।

তবে শুধু বিয়েই নয়, প্রিয়াঙ্কার নাকি রাজনৈতিক যোগও রয়েছে। তাই জল্পনা শুরু হয়ে গিয়েছে, কবে রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রিয়াঙ্কা!

এদিকে বাগদানের এই জুটির বিয়ের তারিখ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন, খুব তাড়াতাড়িই বিয়ে করবেন এই জুটি। নিকের ট্যুর এবং প্রিয়াঙ্কার শুটিংয়ের তারিখ মিলিয়ে যত দ্রুত সম্ভব বিয়ের দিন ঠিক করে ফেলবেন প্রিয়াঙ্কা-নিক।

সালমানের ‘ভারত’ সিনেমাটি ছাড়লেও সোনালি বসুর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কা। এর কাজ শেষ করেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন নায়িকা। তবে এখনো জানা যায়নি, বিয়ে সারতে কোথায় যেতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস।