জ্যাকুলিন ফার্নান্দেজ ‘মিস ইউনিভার্স শ্রীলঙ্কা’ বিজয়ী থেকে বলিউড অভিনেত্রী। সৌখিন জীবনধারার জন্যও তার খ্যাতি রয়েছে। হালের এই সেনসেশনের আজ ৩৩ তম জন্মদিন। ১৯৮৫ সালের ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইনে জন্মগ্রহণ করেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
জন্ম বাহারাইনে হলেও জ্যাকুলিনের জন্ম শেকড় শ্রীলঙ্কায়। তার বাবা এলরয় ফার্নান্দেজ শ্রিলঙ্কার নাগরিক অন্যদিকে মা কিম মালয়েশীয়। ১৯৮০ সালে শ্রীলঙ্কায় তামিল টাইগার ও শিংহলজিদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলে জ্যাকুলিনের পরিবার পাড়ি জমান বাহারাইনে।
সেখানেই জ্যাকুলিন প্রাথমিক লেখাপড়া শেষ করেন। এরপর ‘ইউনিভার্সিটি অব সিডনি’ থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।
শ্রীলঙ্কায় একজন টেলিভিশন প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন জ্যাকুলিন। এর মাঝে তিনি ‘বার্লিজ স্কুল অব ল্যাংগুয়েজ’ থেকে স্প্যানিশ, ফ্রেন্স ও আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন। মোট ৬টি ভাষায় দক্ষতা রয়েছে জ্যাকুলিনের।
টেলিভিশন প্রতিবেদক হিসেবে কাজ শুরু করলেও জ্যাকুলিনের ছিল মডেলিং ও অভিনয়ের শখ। ২০০৬ সালে ‘মিস ইউনিভার্স শ্রীলঙ্কা’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিংয়ে পা রাখেন তিনি। একসময় হলিউডে অভিনয় করার স্বপ্ন দেখতেন।
২০০৬ সালে ‘ও সাথি’ শিরোনামে শ্রীলঙ্কার একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় আসেন জ্যাকুলিন।
২০০৯ সালে একটি মডেলিংয়ের কাজে ভারতে আসেন জ্যাকুলিন। সেখানে তিনি অভিনয়ের ওপর কিছু প্রশিক্ষণও নেন। এরপর পরিচালক সুজয় ঘোষের ছবি ‘আলাদিন’ এর জন্য অডিশনের মাধ্যমে সুযোগ পান। সেখান থেকেই তার বলিউডে পথচলা শুরু।
এ পর্যন্ত তিনি ‘মার্ডার ২’, ‘হাউজফুল ২’, ‘রেস ২’, ‘কিক’, ‘হাউজফুল ৩’, ‘রেস ৩’ এর মতো জনপ্রিয় কিছু ছবি উপহার দিয়েছেন।
সৌখিন অভিনেত্রী হিসেবে জ্যাকুলিনের খ্যাতি রয়েছে। ২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপ কেনেন জ্যাকুলিন। তাঁর দ্বীপের পাশেই রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারার দ্বীপ।
অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এ পর্যন্ত ‘আইফা অ্যাওয়ার্ড’ ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড’সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
