১ কোটি ৮২ লাখ টাকায় বিক্রি ইভ্যালির রেঞ্জ রোভার

নিলামে তুলে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। আদালত গঠিত বোর্ড সদস্যরা এই নিলামের আয়োজন করেন। গাড়িটি সর্বোচ্চ দাম দিয়ে কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি।

রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ নিলাম শুরু হয়। রেঞ্জ রোভারটির জন্য নিলামে অংশ নেন ১৫ জন। এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাকিয়ে গাড়িটি কিনেছেন একজন ইঞ্জিনিয়ার। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল।

এদিন আদালত গঠিত বোর্ড সদস্যরা ইভ্যালির ৭টি গাড়ির নিলাম শুরু করেন- ১টি রেঞ্জ রোভার, ১টি টয়োটা প্রিয়াস, ১টি টয়োটা সিএইচআর, ২টি টয়োটা এক্সিও, ১টি হোন্ডা ভেজেল ও ১টি টয়োটা মাইক্রোবাস।

রেঞ্জ রোভার ছাড়া অন্য গাড়িগুলোর মধ্যে টয়োটা প্রিয়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।