১৮ রানে অলআউট, ১২ মিনিটেই জয়

এমন খেলা দেখেছেন কবে? প্রথমে ব্যাট করতে নেমে ১১.২ ওভারে অলআউট, সেটিও ১৮ রানেই। প্রতিপক্ষ লক্ষ্য তাড়া করতে নেমে ১২ মিনিটেই সেরে ফেলেছে জয়ের কাজটুকু। ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুত রান তাড়ার রেকর্ড! এমন অদ্ভুতুড়ে এক ম্যাচই হয়েছে ইংল্যান্ডের শেফার্ড নেম কেন্ট ক্রিকেট লিগে।

দেখে মনে হয়েছিল ব্যাটিং উইকেট। তাই বেক্সলি ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বেকেনহাম ক্রিকেট ক্লাবের অধিনায়ক। অধিনায়কের পছন্দমত ব্যাটিংয়ে নেমেই ব্যাটসম্যানরা টের পেয়েছেন যে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন দলপতি!

প্রথম ১২ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বেকেনহাম। ১৮ রানের মধ্যে অলআউট পুরো দল। পাঁচজন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। বাকি ছয়জন মিলে করেছেন ১৫ রান। আর ‘মিস্টার এক্সট্রা’র অবদান তিন।

নিজেদের ১৫২ বছরের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে দলটি। বেকেনহাম ক্লাবের সবচেয়ে বড় সর্বনাশটা করেছেন স্কটল্যান্ডের হয়ে ৫৭ ওয়ানডে খেলা পেসার কেলাম ম্যাকলিয়ড। পাঁচ রানে তিনি একাই নিয়েছেন ৬ উইকেট।

ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষকে বেশি খাটায়নি বেক্সলি! মাত্র ৩.৩ বলেই খেলা শেষ করে ম্যাচ জিতে নিয়েছে তারা।