১৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

দেশের ১৬টি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখলী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রোববার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

টানা পাঁচদিন বৃষ্টিতে ভাসতে পারে দেশ, বন্যার শঙ্কা

শুক্রবার ভোর থেকেই রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন ভারী বর্ষণ আগামী পাঁচদিন টানা হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, শুক্রবার থেকে আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কাও করা হচ্ছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কম হতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭৩ মিলিমিটার। এছাড়া বদলগাছীতে ৪৭, রাজশাহীতে ৪৪, ডিমলা ও রাঙামাটিতে ৪১, খুলনায় ৩৭, রংপুর ও বরিশালে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল