১১ বছরের এক শিশু ছাত্রকে বলাৎকার করার চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দুলালপুর গ্রামের একটি মাদ্রাসার নূরানী বিভাগে চান্দলা হুরারপাড় গ্রামের এক প্রবাসীর ১১ বছরের ছেলে সন্তান মাদ্রাসায় থেকে লেখাপড়া করত। মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিলাউর গ্রামের জালাল মিয়ার ছেলে শামিম আহাম্মদ (২৭) গত রবিবার বাদ আছর নূরানী বিভাগে অধ্যয়নরত শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে উলঙ্গ করে বলাৎকার করার চেষ্টা চালায়।
ভয়ে আতংকে শিশুটি তাৎক্ষণিক কোন প্রতিবাদ না করে পরবর্তিতে তার মাকে বিষয়টি জানালে তার মা মাদ্রাসার পরিচালনা কমিটি ও এলাকাবাসীকে জানানোর পর থানায় লিখিত অভিযোগ দিলে গত সোমবার রাতে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
থানার ওসি এসএএম শাহজাহান কবির বলেন, শিক্ষক তার অপরাধের কথা এলাকাবাসীসহ পুলিশের নিকট স্বীকার করেছে। মঙ্গলবার আসামিকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
