১০ কন্ঠশিল্পী গাইলেন এক গান

এক গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের ১০ কণ্ঠশিল্পী। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর জন্য গাইলেন তারা। দীর্ঘ ২৫ বছর পর রেনেসাঁর জনপ্রিয় গান ‘হৃদয় কাদা মাটি’র কোনো র্মূতি নয়’ গানটি রিমেক করা হয়েছে।

আর এ গানই গাইলেন ১০ কণ্ঠশিল্পী। গানটিতে নতুনভাবে সংগীতায়োজন করেছেন গায়ক, সংগীত পরিচালক সুজন আরিফ। অডিও ধারণের পর গত ১৩ জুলাই বিটিভির অডিটরিয়ামে গানটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে।

গানটি একসঙ্গে গাইলেন সাব্বির, পারভেজ সাজ্জাদ, অপু আমান, খায়রুল ওয়াসি, মেহরাব, ইউসুফ আহমেদ খান, শামীম, পুলক অধকিারী, সানবীম ও সম্রাট।

গানটির রিমেক প্রসঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপক ও নির্দেশক আনজাম মাসুদ বলেন, রেনেসাঁর এই গানটি শুধু আমার নয়, কোটি শ্রোতাদের পছন্দের গান। অনেকটা ভালোলাগা থেকে গানটি রিমেক করার সিদ্ধান্ত নিয়েছি। এ প্রজন্মের তরুণ শিল্পীরা গানটি গেয়েছে। আশা করছি, দর্শকরা গানটি দারুণ উপভোগ করবে।

তিনি আরো বলেন, গানটি রিমেকের জন্য রেনেসাঁ ব্যান্ডের প্রধান, গানটির সুরকার ও গায়ক নকীব খানের কাছ থেকে অনুমতি নিয়েছি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে রেনেসাঁর ‘তৃতীয় বিশ্ব’ অ্যালবামে ‘হৃদয় কাদা মাটি’ গানটি ঠাঁই পায়। গানটির কথা লিখেছেন শহীদ মাহমুদ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নকীব খান।